বাঙ্গরা বাজার’ থানা


কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে আরো একটি নতুন থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ওই থানার নাম বাঙ্গরা বাজার। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, নিকারের সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, পর্যায়ক্রমে ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা মিলে নতুন আরেকটি বিভাগ করা হবে। এছাড়াও সভায় কুমিল্লার মুরাদনগর থানাকে বিভক্ত করে আরেকটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিকার অনুমোদন করেছে। ফলে মুরাদনগর উপজেলায় দুটি থানা হবে। নতুন থানার নাম হবে ‘বাঙ্গরা বাজার’।
মুরাদনগর বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে শ্রীকাইল, আন্দিকোট, রামচন্দ্রপুর (উ.), আকুবপুর, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা এবং টনকি এই ১০টি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা বাজার থানা গঠিত হচ্ছে। এই নতুন থানার আয়তন হবে ১৮৯ বর্গ কিলোমিটার, জনসংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪০ জন।:
০৪:০৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

Post a Comment

0 Comments